জামায়াত নেতার নির্দেশে অবৈধভাবে তৈরি ভোটের সিল, লক্ষ্মীপুরে জব্দ,জামায়াত নেতার নির্দেশে অবৈধভাবে তৈরি করা হয় ভোটের সিল





জামায়াত নেতার নির্দেশে অবৈধভাবে তৈরি ভোটের সিল, লক্ষ্মীপুরে জব্দ,জামায়াত নেতার নির্দেশে অবৈধভাবে তৈরি করা হয় ভোটের সিল।

গ্রেপ্তার ১, প্রধান অভিযুক্ত পলাতক; দল থেকে বহিষ্কার

আমার দেশ নিউজ | লক্ষ্মীপুর প্রতিনিধি | রাসেল হোসাইন

লক্ষ্মীপুরে অবৈধভাবে ভোটের সিল প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে জামায়াতের এক নেতা ও এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ইতোমধ্যে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও প্রধান আসামি আত্মগোপনে রয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে একই থানার পুলিশ সদস্য হুমায়ুন কবীর বাদী হয়ে সৌরভ হোসেন শরীফ ও সোহেল রানার বিরুদ্ধে মামলা দায়ের করেন।



পুলিশ জানায়, অভিযুক্ত সৌরভ হোসেন শরীফ লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ও দক্ষিণ বাঞ্চানগর এলাকার বাসিন্দা। তিনি হাসপাতাল রোডে ‘আধুনিক অফসেট অ্যান্ড ডিজিটাল সাইন’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক। অভিযোগ রয়েছে, জাল ভোট প্রদানের উদ্দেশ্যে শরীফ সিল তৈরির অর্ডার দেন এবং ব্যবসায়ী সোহেল রানা তা তৈরি করে নিজের দোকানে সংরক্ষণ করেন।


গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সদর উপজেলার টুমচর ইউনিয়নের টুমচর গ্রামের বাসিন্দা ও পুরাতন আদালত সড়কের ‘মারইয়াম প্রিন্টার্স’-এর স্বত্বাধিকারী সোহেল রানার দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় ১৬ ঘর বিশিষ্ট ৬টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয় এবং গ্রেপ্তার দেখানো হয়।



মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৩০ জানুয়ারি শরীফ সোহেলের কাছে পাঁচটি নির্বাচনী সিল তৈরির অর্ডার দেন এবং হোয়াটসঅ্যাপে একটি ভয়েস ম্যাসেজ পাঠান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার অসৎ উদ্দেশ্যে প্রতারণার মাধ্যমে এসব সিল প্রস্তুত করা হয়।


এদিকে, মঙ্গলবার রাতে জেলা শহরের গোডাউন রোড এলাকার বশিরভিলা হলরুমে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অভিযোগ করেন, জাল ভোট ও নির্বাচনী জালিয়াতির ষড়যন্ত্রের অংশ হিসেবে জামায়াত পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।


তবে পাল্টা সংবাদ সম্মেলনে একই আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম দাবি করেন, গ্রেপ্তার সোহেল জামায়াতের কেউ নন। যদিও মামলার অপর আসামি সৌরভ হোসেন শরীফকে দল।


থেকে বহিষ্কার করা হয়েছে।


লক্ষ্মীপুর-২ আসনের জামায়াত প্রার্থী এসইউএম রুহুল আমিন ভূঁইয়া বলেন, “সিল জব্দের পরপরই শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দ্রুত প্রেস রিলিজ দেওয়া হবে।”


তদন্ত কর্মকর্তা এসআই মনির হোসেন বলেন, “গ্রেপ্তার সোহেলকে আদালতে সোপর্দ করা হয়েছে। এখনো রিমান্ড চাওয়া হয়নি। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

Post a Comment

Previous Post Next Post