মুক্তিযুদ্ধ না করেই ‘মুক্তিযোদ্ধা’ পরিচয়ে প্রচারণা, জামায়াত প্রার্থীকে ইসির কারণ দর্শানোর নোটিশ।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে লিখিত ব্যাখ্যা চাওয়া
আমার দেশ নিউজ | বগুড়া প্রতিনিধি | রাসেল হোসাইন | [তারিখ]
মুক্তিযোদ্ধা না হয়েও নিজের নামের আগে ‘মুক্তিযোদ্ধা’ উপাধি ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশনের অনুসন্ধান ও বিচারিক কমিটি।
সোমবার (২ ফেব্রুয়ারি) এ নোটিশ জারি করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নির্বাচন কমিশন জানায়, ধানের শীষ প্রতীকের প্রধান এজেন্ট কাজী এরফানুর রহমানের লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হয়। পরে সরেজমিন অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা
পাওয়া যায়।
তদন্তে দেখা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অধ্যক্ষ শাহাবুদ্দিন মুক্তিযোদ্ধা না হয়েও নিজের নামের আগে ‘মুক্তিযোদ্ধা’ শব্দ ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, যা ভোটারদের বিভ্রান্ত করার শামিল।
নোটিশে উল্লেখ করা হয়েছে, এ ধরনের প্রচারণা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৬-এর ১৩ বিধি ও ১৬ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
এ কারণে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে অবস্থিত নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে বক্তব্য জমা দিতে বলা হয়েছে। অন্যথায় নির্বাচন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে কমিশন এবং এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Post a Comment